বিপ্লব


জিনেটের রোদেলা বিকেলে ভালোবাসা ওয়েসিসের মত হিম হয়ে পড়ে
আছে সান্ত্বনার শীতল ঘরে 
নারী যেন মাংসের দোকানে ঝুলে থাকা এক টুকরো মাংস!
ভালো আর মন্দের দ্বন্দ্ব শুধু অনুভূতির
জং ধরা মগজে রাজার নীতি সংক্রমিত
ভয় থেকে ভয়ঙ্কর ভগবান
দুঃখিত আকাশে ভেসে বেড়ায় দ্রৌপদীর শাড়ী
বিবেকের চিলেকোঠায় ঝুলে আছে বালিকার প্রথম প্রেম
সিলিংয়ে নিথর দেহ নিয়ে মাইকেল এঞ্জেলোর পিয়েটার মত পড়ে আছে সাবিরা
নগরের নটি নাগরের খোঁজে নিশিকন্যা
 
ভগবান বানায় মানুষ আবার মানুষই বানাচ্ছে ভগবান
তেলেসমাতি কারবার
প্রপেলারের মত ঘুরছে আমার পৃথিবী
ঈশ্বর দিক স্বর
দিগভ্রান্ত দিগন্তের শঙ্খচিল
জানি আমার লেখার টেবিলে কোনদিন রবীন্দ্রনাথ এসে দাঁড়াবেন না
রাতঘুমে বিষণ্ন কারাগারে প্রিয়তমার চিঠি হাতে বসে আছেন নাজিম হিকমত
হত্যার চেয়েও জঘন্য অন্ধকার জমেছে মগজের নিউরনে
 
দারুণ দুঃসময়ে জ্বলে ওঠে তারুণ্য তোমার আমার
 
প্রত্যেক কবিই বিপ্লবী এবং প্রত্যেক বিপ্লবীই কবি
এবং কবিতারা ক্রমশ শাণিত হচ্ছে রক্তাক্ত অক্ষরে
চতুর্দিকে মুহুর্মুহু জ্বলছে অসংগতির দাবানল
অতঃপর, চে গুয়েভারা বজ্রমুঠি করে বলে গেলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক।
বি-প্ল-ব!

তারিখঃ ২৪-০৫-২০১৬, রাত ১১ টা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাশিয়ার কবিতা

তোমার জন্য রজনীগন্ধা দিন

জার্মানির কবিতা