কুসুম কুসুম স্বপ্ন

  উৎসর্গ-সকল শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি।

আমারও স্বপ্ন ছিল
মাঠ ভরা সোনার ফসল আর গোলা ভরা ধান হবে
হায়! সোনার ফসলগুলো বর্গীরা সব
জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছে
আমারও স্বপ্ন ছিল
বউ, ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার হবে
অথচ সং সাজাই সার হলো
সুখ এলো না জীবনে
 
সংসার গেলো বেনো জলে ভেসে
আমারও স্বপ্ন ছিল
বেদী ঘেরা তুলসীর তলায়
 
দেবীর হাতে রবে ইচ্ছের নৈবেদ্য
 
সুনসান রোদেলা উঠোন জুড়ে
নাড়া রবে পৌষালি অন্নপূর্ণা
অথচ দেবীরা সব হা-ভাতের ঘরে
কানামাছি খেলে কানামাছি
আমারও স্বপ্ন ছিল
বুক ভরে শ্বাস নেবো
বটের ছায়ায় বসে গাইবো
ভাটিয়ালি কিংবা রাখালিয়া গান
 
অথচ কোথাও বটের ছায়া নেই
নিঃশ্বাসে কুড়াই বিষ বাষ্প
আমারও স্বপ্ন ছিল
দেশটা একদিন স্বাধীন হবে
মুক্তি পাবে দেশের মানুষ
দেশটা স্বাধীন হয়েছে!
অথচ কোথাও স্বাধীনতা নেই
স্বাধীনতা, স্বাধীনতা বলে চিৎকার করতে করতে আকাশ- পাতাল চৌচির করে মাতাল হয়ে যাই
অথচ আজও আমরা ভীষণ পরাধীন
যখন দেখি এসিডে দগ্ধ আমার বোন
যখন দেখি আমার ভাই রাজপথে
লাশ হয়ে পড়ে আছে
যখন দেখি আমার বাবা অধিকার বঞ্চিত
 
যখন দেখি আমার মায়ের শরীর ছিঁড়ে খায়
স্বাধীনতার শত্রু গুলো
 
তখন ইচ্ছে করে আর একবার মুক্তিযুদ্ধ করি
মুক্তির জন্য যুদ্ধ করি-
ইচ্ছে করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করি
ইচ্ছে করে হায়েনাদের রক্তে গোসল করি
ইচ্ছে করে দেশটাকে আবার
 
 দেশদ্রোহীদের কাছ থেকে 
মুক্ত করে বজ্র কণ্ঠে ঘোষণা করি
'জয় বাংলা'!
তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০১৪ খ্রি.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাশিয়ার কবিতা

তোমার জন্য রজনীগন্ধা দিন

জার্মানির কবিতা